ফরয গোসলের সঠিক নিয়ম না জানার কারণে অনেক মুসলিম নর – নারীর নামায সহ নানা ইবাদত কবুল হয় না। যেটা ঈমানের জন্য মারাত্মক। নাউযুবিল্লাহ।
নিয়ম না মেনে এক সাগর পানি দিয়ে গোসল করলেও ফরয গোসল আদায় হবেনা। অবশ্যই সুন্নাহ মেনে নিয়মানুযায়ী ফরয গোসল করতে হবে।

যে সব কারণে গোসল ফরয হয়ঃ
১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
২. সহবাসে স্বামী – স্ত্রীর লজ্জা স্থান মিলিত হলে বীর্যপাত হোক আর নাই হোক।
৩. মেয়েদের হায়েয – নিফাস শেষ হলে।
৪. ইসলাম গ্রহন করলে (নও-মুসলিম হলে)।

গোসলের ফরয ৩ টিঃ
১. গড়গড়া সহ কুলি করা, যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌঁছে। (রোযা অবস্থায় শুধু কুলি করতে হবে, গড়গড়া সহ কুলি করা যাবেনা।)
২. হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। (রোযা অবস্থায় শুধু নাকে পানি দিতে হবে, নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো যাবেনা।)
৩. সমস্ত শরীর ভাল ভাবে ধৌত করা। (পুকুরে গোসল করলে উল্লেখিত ১ ও ২ নং কাজ করে পুকুরে/নদীতে/সমুদ্রে গোসল করে নিতে হবে। আর মগ, বদনা বা জগে পানি নিয়ে গোসল করলে, সমস্ত শরীরে এমন ভাবে পানি পৌঁছাতে হবে, যাতে মাথার তালু হতে পায়ের তালু পর্যন্ত ভিজে যায়। কোথাও শুষ্ক না থাকে।)

ফরয গোসলের সঠিক নিয়মঃ
গোসলের নিয়ত করা, ‘বিসমিল্লাহ’ বলে গোসল শুরু করা। দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করা। (বুখারী ২৪৮)

ডান হাতে পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা (বুখারী ২৫৭)।

বাম হাতটি ভালভাবে ঘষে ধুয়ে নেয়া। (বুখারী ২৬৬)

নামাজের ওজুর মতো ভালভাবে ওজু করা। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। (বুখারী ২৫৭, ২৫৯, ২৬৫)।

মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালভাবে আঙ্গুল দিয়ে ভিজায়ে দিতে হবে। (বুখারী ২৫৮)।

পুরো শরীরে পানি ঢালা: প্রথমে ডানে ৩ বার, পরে বামে ৩ বার, শেষে মাথার উপর ৩ বার। (বুখারী ১৬৮)। (যেন শরীরের কোন অংশ বা কোন লোমও শুকনো না থাকে। পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় অবশ্যই পানি পৌঁছাতে হবে)।

গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধৌত করা। (বুখারী ২৫৭)।

এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য, এইভাবে গোসল করলে এর পরে নামায পড়তে চাইলে আলাদা করে ওযু করতে হবেনা, যদি গোসল করার সময় ওযু ভঙের কোনো কারণ, না ঘটে থাকে।

গোসলের পরে কাপড় পরিবর্তন করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাঙবেনা, এটা ওযু ভঙের কারণ নয়।
আল্লাহ আমাদের সঠিকভাবে ফরয গোসল করার ও এ জ্ঞান সকলের কাছে পৌছে দেয়ার তওফিক দান করুন।